আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেসব আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
সারজিস আলম বলেন, আজ আমরা প্রাথমিকভাবে ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি। ঈদের আগেই, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, অন্য রাজনৈতিক দল থেকেও সৎ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিরা চাইলে এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে সারজিস আলম বলেন, যারা মানুষের ওপর জুলুমের সঙ্গে জড়িত ছিলেন না, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না এবং যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ নেই— তারা যে দলেরই হোক, আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে যোগ্য মনে হলে তাদেরও সুযোগ দেওয়া হবে।