নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপ খলিল গ্রুপের বাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন বড়কোলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির। পরে গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
পুলিশ সুপার বলেন, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। খলিল গ্রুপ ও খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন তিনি।
নতুন করে সংঘর্ষের আশঙ্কা এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





