ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনে সুস্পষ্টভাবে কারচুপি হয়েছে। নির্দিষ্ট কিছু আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটি করা হয়েছে।”
তিনি দাবি করেন, আওয়ামী আমলে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হতো, এখন সেই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা ও হয়রানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। “যারা প্রতিপক্ষকে আক্রমণ করছে, তাদের হাতে জনগণ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে,” বলেন নাহিদ।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব এবং ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান।
নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচনে দুটি পক্ষ ছিল একটি সংস্কার ও বিচারের পক্ষে, অন্যটি পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। আমরা দেখেছি গণভোটে ‘হ্যাঁ’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা ১১ দলকেও ভোট দিয়েছেন। সে হিসেবে ১১ দলের বিজয়ী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।”





