জামালপুরের মেলান্দহে গভীর রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় সাইম (২২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান।
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গভীর রাতে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চাচা কাজল ও ভাতিজা আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যায়।
খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইকচালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা যায়। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





