রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদুল হক বিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে একদল দুর্বৃত্ত স্বাস্থ্যকেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে পড়ে এবং দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর হামলাকারীরা কেন্দ্রের মূল্যবান চিকিৎসাসামগ্রী, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে জায়গাটির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ কেন্দ্রটি দখলে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।