পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে স্বাধীনতাবিরোধী হয়েছি। তিনি প্রশ্ন রেখে বলেন, “যারা গত ৫৪ বছরে দেশ লুটপাট করে ধ্বংস করেছে, তাদের মুখে স্বাধীনতার চেতনার কথা কি মানায়?”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, জামায়াত সব সময় অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আগামীতেও এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জিয়ানগর উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি দাবি করেন, জিয়ানগর উপজেলায় দৃশ্যমান উন্নয়ন রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও স্থাপনাগুলো শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হাতেই গড়ে উঠেছে। “আল্লামা সাঈদীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো আপনাদের সঙ্গে নিয়েই বাস্তবায়ন করতে চাই,” বলেন তিনি।
নির্বাচনে জয়ী হলে আগের তুলনায় বহুগুণ বেশি উন্নয়ন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসুদ সাঈদী বলেন, “আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালে যেমন দুর্নীতি করিনি, আল্লামা সাঈদীও করেননি। দাঁড়িপাল্লা প্রতীক আমার নয়, শহীদ সাঈদীর আদর্শের প্রতীক।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম রাতুল। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।





