Brick Lane News

মুন্সিগঞ্জে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও হয়নি মামলা; মাতম চলছে পরিবারে

প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:২৩ এএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে হামলার ঘটনায় জসিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ; থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগও দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে নিজ বাড়ির পাশেই জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন নায়েব চর আবদুল্লাহ গ্রামের বাসিন্দা ও মাফিক নায়েবের ছেলে। তিনি এলাকায় একটি নারী ও একটি পুরুষ মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন।

পরিবারের অভিযোগ, বিকেল তিনটার দিকে জসিম বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের শতাধিক সমর্থক তাঁদের বাড়িতে হামলা চালায়। বাড়ির ভেতরে তাঁর বাবা ও ভাইদের মারধর করা হয়। পরে জমিতে গিয়ে জসিমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনায় তাঁর বাবা মাফিক নায়েব ও ভাই মোখলেস নায়েবও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় এক রাজনৈতিক নেতার সমর্থকেরা এ হামলায় জড়িত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাঁর দাবি, পূর্ববিরোধের জেরে ঘটনা ঘটেছে; নির্বাচনী উত্তেজনাও এতে প্রভাব ফেলতে পারে।

এদিকে জসিমের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজনদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি