লক্ষীপুর প্রতিনিধি, ব্রিকলেন নিউজ: শুধু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরে দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরকে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কোমলমতি এই কিশোরদের সাধারণ আসামির মতো কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।
ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার। গ্রেফতারকৃত দুই কিশোর হলো— কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার ডা. মো. বেলায়েত হোসেনের ছেলে জিহাদ মাহমুদ চৌধুরী রাতুল এবং মাশরাফি বিন নুর হোসেন। রাতুলের বয়স মাত্র ১৬ আর মাশরাফির ১৫ বছর। তারা এখনো ভোটারও হয়নি। অভিযোগ উঠেছে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাদের বাসা থেকে তুলে নিয়ে সাধারণ অপরাধীদের মতো আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই কিশোর আওয়ামী লীগের মিছিলে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। অথচ, যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই ঐতিহাসিক স্লোগান দেওয়া কোনোভাবেই আইনি অপরাধ হতে পারে না। রাজনৈতিক পটপরিবর্তনের জেরে প্রতিহিংসামূলকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
দেশের প্রচলিত শিশু আইন ও আইনি সুরক্ষার তোয়াক্কা না করে, বিনা প্রমাণে এমন অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে কারাগারে পাঠানো মানবাধিকারের চরম লঙ্ঘন। যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বই আর কলম, স্কুল পেরিয়ে কলেজে নতুন সহপাঠীদের সাথে স্বপ্ন দেখার কথা— সেই বয়সে রাজনৈতিক নির্মমতায় তাদের ঠিকানা হয়েছে কারাগার।
এই অমানবিক গ্রেফতারের প্রতিবাদে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। রাজনৈতিক ধরপাকড়ের নামে কোমলমতি কিশোরদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা। অবিলম্বে এই আইনি হয়রানি বন্ধ করে তরুণ ছাত্রলীগ কর্মী রাতুল ও মাশরাফির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ।