Brick Lane News

লেকে গোসলে নেমে এক পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

লেকে গোসলে নেমে এক পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে এক কিশোরীসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে একে অপরের ভগ্নিপতি, শ্যালক ও শ্যালিকা।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হন। পরে দীর্ঘ ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার মনাগ এলাকার দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে মোসা. সুরাইয়া (১২)। নিহত গালিব ও সুরাইয়া আপন ভাই-বোন এবং রাশেদুজ্জামান তাদের দুলাভাই (বোনজামাই)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত গালিব বাবার সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রি করতেন এবং রাশেদুজ্জামান কর্মের সন্ধানে সম্প্রতি নারায়ণগঞ্জে এসেছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা আকরামসহ চারজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে বাবা পানি থেকে উঠে আসলেও বাকি তিনজন লেকের গভীর পানিতে তলিয়ে যান। আধা ঘণ্টা পার হলেও তারা উঠে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর প্রথমে রাশেদুজ্জামানের এবং পরে একই স্থান থেকে গালিব ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই পরিবারের ৩ জনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ডিএনডি লেকের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক নির্দেশনার অভাব রয়েছে। বিশেষ করে গভীর পানির স্থানগুলো চিহ্নিত না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, তিনজন নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে লেক ও জলাশয়ে গোসল বা সাঁতার কাটার ক্ষেত্রে সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের পুলিশের টিমও ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কারও প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমাদের প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।