টি-টোয়েন্টি বিশ্বকাপে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে দুই হার নিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া; শেষ ম্যাচ জয়ের পাশাপাশি নেট রানরেটের হিসাবও মিলাতে হবে তাদের।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারালেও দলকে চাপে পড়তে দেননি নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনের ৯৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ওঠে। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে আউট হন। এরপর পাভান রত্নায়েককে সঙ্গে নিয়ে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নিশাঙ্কা। ৫২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি; রত্নায়েক করেন ১৫ বলে ২৮ রান।
এর আগে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ১০৪ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত্তি পায় অজিরা। হেড ২৯ বলে ৫৬ ও মার্শ ২৭ বলে ৫৪ রান করেন। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে দুশান হেমন্ত ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দুশমন্থ চামিরা পান ২টি উইকেট।
জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের পয়েন্ট ২ করে, আর ওমান এখনো পয়েন্টশূন্য।





