জয়পুরহাটের কালাই উপজেলায় জমি বিরোধের জেরে কৃষকের সরিষাখেত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মোমিন ইসলাম থানায় লিখিত অভিযোগে তার চাচাতো ভগিনীপতি মেহেদী মাছুমসহ ৯ জনের নাম উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মেহেদী মাছুম যুবদল ও ছাত্রদলের ১৫-২০ জনকে নিয়ে মোমিন ইসলামের চাষ করা জমিতে গিয়ে আধপাকা সরিষা কেটে নিয়ে যান। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বাড়ির সামনে স্তূপ করে রাখা কাটা সরিষা উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
অভিযুক্ত মেহেদী মাছুম দাবি করেন, জমিটি তার শ্বশুর আফছার আলীর এবং মোমিন ইসলাম জোরপূর্বক দখল করে চাষ করছেন। তবে ফিতা মিয়া সরিষা কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





