এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শুরুতে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করার কাজ শেষ করার চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ সময়মতো শেষ হলে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। ২৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়েই ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের ঘটনা এবং বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল।