জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে জামালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচুরিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার দেলোয়ার হোসেন (৪৫) এবং তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারা জামালপুর শহর থেকে মোটরসাইকেলে শেরপুরে নিজ বাড়িতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন।
ব্রহ্মপুত্র সেতুর কাছে মোটরসাইকেল একটি থামানো ট্রাককে পাশ কাটানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং সড়ক অবরোধ করেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।





