মাঠের বাইরের সমালোচনার জবাব মাঠেই দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের জার্সিতে জোড়া গোল করার পাশাপাশি গোল উদ্যাপনে তাস খেলার ভঙ্গি করে সাম্প্রতিক পোকার বিতর্কের প্রতিক্রিয়াও জানিয়ে দিলেন তিনি।
ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোলই করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম গোলের পর তিনি হাত দিয়ে তাস চাল দেওয়ার অভিনয় করেন, যা সামাজিক মাধ্যমে তাকে ঘিরে চলা সমালোচনার প্রতি ইঙ্গিতপূর্ণ জবাব হিসেবে দেখা হচ্ছে।
পোকার টুর্নামেন্ট ঘিরে বিতর্ক
সম্প্রতি কোপা সুদামেরিকানার প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচ চলাকালে নেইমারকে সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক প্রশ্ন তোলেন, দলের গুরুত্বপূর্ণ ম্যাচের সময় তিনি কেন ক্লাবের সঙ্গে ছিলেন না।
তবে এ নিয়ে সান্তোসের প্রধান কোচ কুকা ব্যাখ্যা দেন। তার ভাষ্য, চোট থেকে ফেরার পর নেইমারকে বিশেষ ফিটনেস পরিকল্পনার মধ্যে রাখা হয়েছিল। ভেনেজুয়েলায় দীর্ঘ সফর তার পুনর্বাসন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত। তাই ক্লাবের সিদ্ধান্তেই তিনি দলের সঙ্গে সফরে যাননি। নির্ধারিত অনুশীলন শেষে ছুটির দিনেই তিনি পোকার টুর্নামেন্টে অংশ নেন।
সামাজিক মাধ্যমে কড়া বার্তা
সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানও স্পষ্ট করেন নেইমার। তিনি জানান, ম্যাচের দিন সকালে তিনি অনুশীলন করেছেন এবং পরদিন ছিল তার নির্ধারিত ছুটি।
সমালোচকদের উদ্দেশে তিনি লিখেছেন, “আমি সকালে কাজ করেছি, ম্যাচে যাইনি, আবার অনুশীলনে ফিরেছি। সেদিন ছিল আমার ছুটির দিন। নিজের কাজে মন দিন।”
ফিরেই গুরুত্বপূর্ণ ভূমিকা
দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেই সান্তোসের আক্রমণে বড় ভূমিকা রাখলেন নেইমার। যদিও জোড়া গোল করে দলকে হার এড়াতে সাহায্য করেছেন, তবে ম্যাচে হলুদ কার্ড দেখায় চলতি মৌসুমে তার কার্ডসংখ্যা তিনে পৌঁছেছে। ফলে লিগের পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে।