ইরানের সশস্ত্র বাহিনী তুরস্কের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে। তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইরান তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
এর আগে বুধবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।
এরপর বৃহস্পতিবার ইরান এক বিবৃতির মাধ্যমে তুরস্কের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে।
তবে একজন তুর্কি কর্মকর্তা বুধবার (৪ মার্চ) এএফপিকে বলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু তুরস্ক নয়।
প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘লক্ষ্যবস্তু তুরস্ক ছিল না’। তবে এ মারণাস্ত্র তুর্কি আকাশসীমা দিয়ে অগ্রসর হচ্ছিল। এরপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে এটি গ্রিক সাইপ্রাসের একটি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু পরে এটি পথভ্রষ্ট হয়েছিল।
তবে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এ সংঘাতের পরিধি যেন আর না বাড়ে, সে বিষয়ে দেশটি সতর্কতা জারি করছে।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করেছে দেশটি।





