রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
পুলিশ কমিশনার জানান, নিহত রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন সম্পর্কে মামাতো ভাই। তারা হলেন; মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে তারা একে একে পরিবারের চার সদস্যকে হত্যা করে।
হত্যাকাণ্ডের পরও তারা ওই বাড়িতে অবস্থান করে। পুলিশ জানায়, হত্যার পর দুজন গোসল করে এবং পরে বসে খেজুর খায়। এরপর তারা আবার ইয়াবা সেবন করে।
পুলিশ কমিশনার আরও জানান, পুরো রাত বাড়িতে থাকার পর শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায় তারা।
ঘটনার পর তদন্তে নেমে পুলিশ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।