Brick Lane News

হিন্দুসম্প্রদায়সহ একাধিক পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় হিন্দু সম্প্রদায়সহ একাধিক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন এবং থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের রিয়াজ মার্কেট এলাকায় মানববন্ধনে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অংশ নেন। তারা অভিযোগ করেন, ভোটের দিন থেকে ফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়। ফল ঘোষণার পর অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘরে ঢুকে লুটপাট, গালিগালাজ এবং গবাদিপশুর ওপর হামলার ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা।

দীপক চন্দ্র দাস অভিযোগ করেন, ভোটের পরদিন রাতে বাজারে তাকে ও তার ছেলেকে মারধর করা হয়। দুর্জয় ধন দাসের স্ত্রী বলেন, হামলাকারীরা তাদের গবাদিপশু আহত করে বাড়ি ছাড়ার হুমকি দেয়। কাঁকন চন্দ্র দাস জানান, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন নারী ভুক্তভোগী অভিযোগ করেন, বিজয় মিছিলের সময় বাড়িতে ঢুকে পুরুষদের টেনে নেওয়ার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে সংঘবদ্ধভাবে এসব হামলা চালানো হয়েছে।

বুড়িরচর ইউনিয়নের মৃদুল চন্দ্র দাস অভিযোগ করেন, ভোটকেন্দ্র সংলগ্ন তার বাড়িতে একদল অস্ত্রধারী হামলা চালায়। দরজা ভেঙে ঘরের চারদিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘর ছেড়ে যেতে পারেননি। প্রত্যক্ষদর্শী এক পল্লী চিকিৎসক জানান, হামলাকারীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং প্রশাসন চাইলে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করতে পারবে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি