চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ পরিশোধ করলেও সাম্প্রতিক দুই মাসে সরকারের ঋণ নেওয়ার গতি বেড়েছে। এতে প্রথমবারের মতো ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকার ঋণের চেয়ে ৫০৩ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল। তবে গত দুই মাসে ঋণ দ্রুত বেড়েছে। অর্থবছরের শুরু থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১ লাখ ২২ হাজার ৪২৯ কোটি এবং বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৪ লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা।
গত জুন শেষে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ ছিল ৯৮ হাজার ৪২৪ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ বেড়েছে ৩৫ হাজার ৭৫১ কোটি টাকা।
অক্টোবর শেষে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে ৫ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকায় নেমেছিল। তবে ১২ ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয় ৫ লাখ ৯৬ হাজার ১৪৪ কোটি টাকা। সেখান থেকে আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে নেওয়ার লক্ষ্য ১২ হাজার ৫০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিয়েছে সরকার। রাজস্ব আয় প্রত্যাশামতো না বাড়লেও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে।





