ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসংগতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের দলীয় প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি খুলনা-৫ আসনে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাই করার দাবি তুলেছেন।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ‘ডেমোক্র্যাটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে নির্বাচনই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। আমরা সব সময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনের ক্ষেত্রেও আমরা একইভাবে অংশগ্রহণ করেছি। একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আমরা সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছি।’
নির্বাচনে জয়ী হননি গোলাম পরওয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬,২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৮,৮৫৪ ভোট। ব্যবধান ২,৬০৮ ভোট।
গোলাম পরওয়ার জানান, বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তিনি দাবি করেছেন, প্রায় ১৫০টি কেন্দ্রের শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলের মধ্যে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। গোলাম পরওয়ার বলেন, ‘এই সামান্য ভোট ব্যবধানের কারণে বিষয়টি যাচাই করা হচ্ছে। আইনি ভিত্তি পাওয়া গেলে পুনর্গণনার আবেদন করার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রায় ছয় হাজারের বেশি ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট যৌক্তিক কারণে এবং বিধি অনুযায়ী বাতিল হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। কোথাও ওভাররাইটিং, ভোটের অঙ্ক লেখায় ভুল বা গণনার ত্রুটি থাকলে সেগুলো আইনানুগভাবে পুনর্গণনার মাধ্যমে যাচাই করা উচিত।’
নিজের নির্বাচনী এলাকার মানুষদের ধন্যবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘প্রায় দেড় লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছেন, এটি আমার কাছে বিরাট পাওয়া। ডুমুরিয়া-ফুলতলার মানুষের এই ভালোবাসা আমি কখনো ভুলব না। তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও মুগ্ধ।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘মনোবল হারানোর কিছু নেই। জয়-পরাজয় রাজনীতির অংশ হলেও আমি নিজেকে নৈতিকভাবে পরাজিত মনে করি না। আমি কোনো অন্যায় করিনি, অসৎ পথ অবলম্বন করিনি, মানুষের ওপর জুলুম করিনি, কালোটাকা বা শক্তিপ্রয়োগ করে মানুষের রায় নেওয়ার চেষ্টা করিনি। সেই দিক থেকে আমি বিজয়ী।’
গোলাম পরওয়ার বলেন, এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন চিত্র তৈরি করেছে। ভোটারদের অংশগ্রহণ বেশি হওয়ায় টার্নআউটও বেড়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি সাধারণ জনগণ, ভোটার এবং নির্বাচন পরিচালনায় সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়েছেন।





