রাজধানীর নিকেতন-গুলশান এলাকায় প্রবাসী মালিকানাধীন একটি ফ্ল্যাট জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রবাসে অবস্থানরত ফ্ল্যাট মালিক ফাহিম ফয়সালের দাবি, সাত সদস্যের একটি দল এ-৯৪ নম্বর ভবনের এ-৫ নম্বর ফ্ল্যাটকে লক্ষ্য করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর মূল দরজার ডিজিটাল ও অ্যানালগ তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তবে ক্যামেরা ভাঙার আগেই হামলাকারীদের উপস্থিতির দৃশ্য রেকর্ড হয়ে যায় এবং তিনি রিয়েল-টাইম অ্যালার্ট পান।
তিনি দ্রুত নিকেতন সোসাইটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। পালানোর আগে ভবনের নিরাপত্তাকর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর গুলশান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত জব্দ করেছে। গুলশান থানার এসআই রুহুল আমিন জানান, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





