Brick Lane News

বিএনপির সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় চকরিয়ায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল পাঁচটার দিকে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী আমান উল্লাহর ছেলে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে গাড়িবহর নিয়ে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৮-১০টি গাড়ির বহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা সড়কে ডাম্প ট্রাক আড়াআড়ি রেখে বহরের কয়েকটি গাড়ি আটকে দেন। সংসদ সদস্যের গাড়ি নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত গিয়ে পরে ফিরে আসে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি