Skip to main content

Brick Lane News

বিদ্যুৎ বিভ্রাটে ২৫ কোটি টাকার মাছ ভাসলো পানিতে, একরাতেই নিঃস্ব দুই তরুন উদ্যোক্তা

বিদ্যুৎ বিভ্রাটে ২৫ কোটি টাকার মাছ ভাসলো পানিতে, একরাতেই নিঃস্ব দুই তরুন উদ্যোক্তা

লোডশেডিংয়ের এক রাতেই যেন সব স্বপ্ন শেষ। যশোরের শার্শায় ভয়াবহ মাছের মড়কে বিপাকে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা।

বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখো বিলের স্বজনের মোড়ে শনিবার রাত একটার দিকে হঠাৎ করে মরতে শুরু করে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। খামার মালিকদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

মুহূর্তের মধ্যে পানিতে ভেসে উঠতে থাকে শত শত মাছের মরদেহ। আর এই এক রাতের বিপর্যয়েই প্রায় ২৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা—আলফাজুল হক ও ফারুক হোসেন।

আলফাজুল ও ফারুক যৌথভাবে গড়ে তুলেছিলেন ‘এএফ মৎস্য খামার’। দীর্ঘদিনের পরিশ্রমে ঘেরে যে মাছগুলো বড় করেছেন, তার বড় একটি অংশ তখন বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর আর মাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খামার মালিকদের দাবি, মাছ চাষের জন্য বিভিন্ন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাবার বাকিতে নেওয়া হয়েছে, পাশাপাশি ব্যাংক থেকেও নেওয়া হয়েছে ঋণ। এখন মাছ নেই, বিক্রির সুযোগও নেই।

এদিকে বিদ্যুৎ বিভাগের বক্তব্য, সারাদেশে লোডশেডিং চলছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাবে বিভিন্ন এলাকায় নিয়মিত বিরতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, একটি বিদ্যুৎ বিভ্রাট কীভাবে কোটি কোটি টাকার মাছের খামারকে এক রাতেই ধ্বংসের মুখে ঠেলে দিল। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এখন শুধু ক্ষতিপূরণ ও সহায়তার অপেক্ষায়।