বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭১) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী ছোট ছেলেকে শেষবারের মতো চোখের দেখা দেখার আকুতি নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামে তার মৃত্যু হয়।
সন্ধ্যা রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে রঞ্জন কুমার ধর।
দীর্ঘদিন অসুস্থ থাকা মাকে শেষবারের মতো দেখার সুযোগ হয়নি কারাগারে থাকা ছেলে চিন্ময়ের। তার মরদেহ পুণ্ডরীক ধামে রাখা হয়েছে। ধর্মীয় আচার শেষে আজ বিকেল ৪টার দিকে সেখানেই তার সমাধি হওয়ার কথা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সন্ধ্যা রাণী। এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চলছিল তার চিকিৎসা। গুরুতর অসুস্থ মাকে দেখতে চিন্ময়কে প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। বড় ছেলে রঞ্জন কুমার ধর গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদন করেন। এর আগে কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছেও আবেদন করেন বলে জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ স্বজনকে দেখতে প্যারোল দেওয়ার আইনি সুযোগ নেই। তবে নিকটাত্মীয়ের মৃত্যুর পর শেষ বিদায় ও ধর্মীয় আচার পালনের জন্য প্যারোলের বিধান রয়েছে।