এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং হুমকি দিচ্ছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আসনের অন্তত ৩০টির বেশি স্থানে তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। “হুমকির কারণে অনেকেই ঘরে থাকতে পারছেন না। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না”।
সারজিস আলম বলেন, বিএনপি এখনও প্রতিহিংসার পুরোনো রাজনীতিতে আছে কি না, তা স্পষ্ট করা উচিত। “আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের সংশোধনের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, “৪৮ শতাংশ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করলে তার মূল্য দিতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
একটি পৃথক পোস্টে তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ের মীরগড়ে দোকান ভাঙচুর, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পান ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।





