Skip to main content

Brick Lane News

ড্রোনের চোখ ও বিজিবির কড়া পাহারা থমথমে গোপালগঞ্জে

ড্রোনের চোখ ও বিজিবির কড়া পাহারা থমথমে গোপালগঞ্জে

ব্রিকলেন নিউজ, লন্ডন: গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এপিসি মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, মোতায়েন করা বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের ভিডিও সংগ্রহ এবং সরাসরি নজরদারি করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন তাঁরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন বিজিবি সদস্যরা।

দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বাহিনীটি প্রস্তুত রয়েছে। সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে তারা অঙ্গীকারবদ্ধ।