ব্রিকলেন নিউজ, লন্ডন: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে জড়ো হন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।