Skip to main content

Brick Lane News

রাজকন্যাকে সেঞ্চুরি উৎসর্গ করে চারশ রানে থামল লিটনরা

রাজকন্যাকে সেঞ্চুরি উৎসর্গ করে চারশ রানে থামল লিটনরা

ব্রিকলেন নিউজ, লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৪০০ রান করেছে বাংলাদেশ, যেখানে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। মেয়ের জন্মদিনে করা এই দুর্দান্ত শতকের মাধ্যমে তিনি নিজের রাজকন্যাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।

ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন লিটন। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনকে চার মেরে শতকের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এটি ছিল লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। মেয়ের জন্মদিনে পাওয়া এই শতক উৎসর্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…’
এর আগে, লিটনের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের রেকর্ড জুটি গড়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথম দিন ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরান এই দুই ব্যাটার। হৃদয় ২২৭ বলে ১৩৭ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা।

দ্বিতীয় দিনে লিটন আরও ২৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৭৯ বলে ১২০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১২টি চার ও একটি ছক্কা।

লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ১০ এবং হাসান মাহমুদ ১৬ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ১৭ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চারশ ছাড়ায়। তবে শেষ পর্যন্ত ৪০০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

এর আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা প্রথম দিনেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন। দুই দলের প্রথম টেস্টটি হচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।