ব্রিকলেন নিউজ, লন্ডন: আসন্ন শরৎ ও শীত মৌসুমে কম আলো, তাপমাত্রা হ্রাস এবং রোদের প্রতিফলনের কারণে যুক্তরাজ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভ। এই পরিস্থিতি মোকাবেলায় আগামী নভেম্বরের আগেই চালকদের গাড়িতে এক জোড়া সানগ্লাস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত গ্রীষ্মকালে সানগ্লাস ব্যবহারের প্রবণতা বেশি থাকলেও শরৎ ও শীতকালেও গাড়ি চালানোর সময় এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এ সময় সূর্য দেরিতে ওঠে এবং নিচু অবস্থানে থাকায় সরাসরি সূর্যের আলো চালকের চোখে পড়তে পারে। বিশেষ করে ভেজা কিংবা বরফে ঢাকা রাস্তার ওপর সূর্যের আলো প্রতিফলিত হলে সামনের রাস্তা স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ে।
চালকের চোখে সূর্যের তীব্র আলো পড়লে পথচারী, অন্য গাড়ি এবং রাস্তার বিভিন্ন বাধা শনাক্ত করতে সমস্যা হতে পারে। তাই কর্মস্থলে যাওয়া কিংবা শিশুদের স্কুলে পৌঁছে দেওয়ার মতো দৈনন্দিন যাত্রায় তাড়াহুড়োর কারণে সানগ্লাস নিতে ভুলে যাওয়ার আশঙ্কা এড়াতে গাড়িতে আলাদা একটি সানগ্লাস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
গাড়িবিষয়ক বিশেষজ্ঞ গ্রেগ উইলসন বলেন, তীব্র আলোর ঝলক দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে। ফলে পথচারী, অন্য গাড়ি কিংবা রাস্তার বিপদজনক পরিস্থিতি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তামূলক ব্যবস্থা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনীয় চশমা সঙ্গে রাখা এবং আবহাওয়া পরিবর্তনের কথা বিবেচনা করে গাড়িতে অতিরিক্ত এক জোড়া সানগ্লাস রাখাও গুরুত্বপূর্ণ।
এদিকে শীতের আগমনে সন্ধ্যার পর গাড়ি চালানোর ঝুঁকি বাড়ার আরেকটি কারণ হিসেবে নতুন মডেলের গাড়ির উজ্জ্বল হেডলাইটের কথা উল্লেখ করা হয়েছে। টাইগার ডট কো ডট ইউকের এক জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ চালক বিপরীত দিক থেকে আসা গাড়ির হেডলাইটের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এ কারণে ৭২ শতাংশ চালককে গাড়ির গতি কমাতে হয়েছে অথবা গাড়ি থামাতে হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ান উইলসন বলেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসায় আরও বেশি চালককে অন্ধকারে রাস্তায় চলাচল করতে হবে। এতে অতিরিক্ত উজ্জ্বল হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার ঝুঁকিও বাড়বে। তার মতে, বিষয়টি এখন আর কেবল মাঝেমধ্যে দেখা দেওয়া বিরক্তিকর সমস্যা নয়; বরং সড়ক নিরাপত্তার জন্য ব্যাপক উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সূর্যের আলো কিংবা অন্য গাড়ির হেডলাইটের কারণে দৃষ্টিশক্তি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলে দ্রুতগতির সড়ক ও খারাপ আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। তাই চালকদের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।