ব্রিকলেন নিউজ, লন্ডন:
যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এপিপিজি (APPG) চেয়ারম্যান এবং কনজারভেটিভ পার্টির মাননীয় সংসদ সদস্য জনাব বব ব্ল্যাকম্যানের সাথে একটি বিশেষ সাক্ষাৎ করেছে গ্লোবাল সনাতন লিডার্স অ্যাসোসিয়েশন (GSLA)-এর শীর্ষ প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য সংবলিত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রতিনিধি দলে যারা উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে GSLA-এর পক্ষে গ্লোবাল চিফ কোঅর্ডিনেটর জনাব রতন বিশ্বাসের নেতৃত্বে অংশগ্রহণ করেন ব্যারিস্টার সঞ্জয় রায়, জনাব রবিন পাল, ডা. কালী মজুমদার, জনাব সুদীপ্ত শর্মা এবং জনাব গৌতম সাহা।
প্রতিবেদনের মূল বিষয়বস্তু এমপি বব ব্ল্যাকম্যানের কাছে পেশ করা “রিপোর্ট অন ভায়োলেন্স, পারসিকিউশন অ্যান্ড হিউম্যান রাইটস কনসার্নস অ্যাফেক্টিং রিলিজিয়াস মাইনোরিটিজ ইন বাংলাদেশ” শীর্ষক ৭ অক্টোবর ২০২৬ তারিখে ইস্যুকৃত প্রতিবেদনটিতে বেশ কিছু উদ্বেগজনক পরিসংখ্যান ও তথ্য তুলে ধরা হয়েছে:
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মাঠপর্যায়ের তথ্য, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সাক্ষ্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইএসআরএইচবি (ISRHB), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (HBBCUC) এবং অন্যান্য স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার যাচাইকৃত তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে।
এক্সিকিউটিভ সামারিতে উল্লেখ করা হয়েছে যে, ২০০১ থেকে ২০২৬ সালের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে ২,৮৮৮টিরও বেশি যাচাইকৃত নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে এবং আরও ৩,০০০টির বেশি ঘটনা প্রক্রিয়াজাতকরণের অপেক্ষায় রয়েছে।
এছাড়াও, শুধুমাত্র আগস্ট ২০২৪ থেকে জুন ২০২৬ সালের মধ্যে ২,৯৬৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে বলে নথিতে প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার প্ল্যাটফর্মে এবং ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার আদায়ের লক্ষ্যে GSLA-এর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।