ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে থাকা বিশ্বাসঘাতকতাই শেষ পর্যন্ত কাল হলো এক স্কুলশিক্ষার্থীর জীবনে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক পরিণতির ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে খাবার সেরে পরিচিত বন্ধুদের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফেরেনি অপ্রতিম। পরবর্তীতে সানন্দা পাহাড়ের দিকে এক তরুণের সঙ্গে তাকে হেঁটে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। সেই সূত্র ধরেই কোটবাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়া আনাস ও মো. ফাহিম নামের আরও দুজনকে আটক করা হয়। আটক তিনজনই অপ্রতিমের পরিচিত ও সিনিয়র বন্ধু বলে নিশ্চিত করেছে প্রশাসন।
ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন। আজ রোববার বেলা ১১টায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ঘটনার নেপথ্য কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে।