জয়পুরহাটের ক্ষেতলালে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের শেষ বিদায়ে অংশ নেন তিনি। দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ প্রহরায় তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
প্যারোলে মুক্তি পাওয়া রাশেদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার ধনতলা গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জুলাই-আগস্টের ছাত্র-জনতার তথাকথিত অভ্যুত্থান-পরবর্তী দায়ের হওয়া একটি না/শ/ক/তা/র মামলায় গত ২২ আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে রাশেদুল ইসলামের মা রহিমা বিবি (৯৫) মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। মায়ের জানাজা ও দাফনে অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়। আইনি প্রক্রিয়া শেষে পুলিশি নিরাপত্তা ও হাতকড়া পরা অবস্থায় প্রথমে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মায়ের মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন এবং পরবর্তীতে জানাজা ও দাফনে অংশ নেন।
প্যারোলে মুক্তির সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের অনুমতিক্রমে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়েই তাকে পুলিশ প্রহরায় পুনরায় কারাগারে ফেরত আনা হয়েছে।