বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রিসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠক শেষে ২১১টি সদস্য সংস্থাকে চিঠি পাঠায় ফিফা।
স্প্যানিশ দৈনিক ‘এস’-এ জানায়, চিঠিতে বিগত কয়েক দিনের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরাই ছিল বৈঠকের উদ্দেশ্য। সভার শুরুতেই সফল বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের প্রশংসা করা হয়।
চিঠিতে আরও বলা হয়, বিভ্রান্তি দূর করতে বৈঠকে উপস্থিত সাধারণ সম্পাদক এবং ফিফা বোর্ডের সদস্যরা ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা জানান, ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি। একইসঙ্গে ফিফা সভাপতিও তার ভিশন বাস্তবায়নে মৌলিক ও অসাধারণ ভূমিকার জন্য ফিফা প্রশাসনের প্রতি তার পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
রাবাতের আলোচনার সিদ্ধান্ত প্রসঙ্গে ফিফা আরও জানায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের বৈঠকের সিদ্ধান্তগুলো ফিফার সুশাসনকে শক্তিশালী করবে এবং সংস্থায় আস্থা ফিরিয়ে আনবে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নের লক্ষ্য অব্যাহত রেখে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে ভবিষ্যতের বড় ইভেন্ট ও চ্যালেঞ্জগুলোর প্রস্তুতিতে সহায়ক হবে।
স্বত্ব বিক্রির প্রকল্পের উদ্যোগ ভুল স্বীকার করে বলা হয়, আমরা স্বীকার করছি যে, নতুন প্রকল্প তৈরির প্রস্তাবে কিছু ভুল ছিল। ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। সংবাদমাধ্যমে বিষয়টি ফাঁস হওয়ার পর যেভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, সেখানেও ভুল ত্রুটি ছিল বলে আমরা মেনে নিচ্ছি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
একই সঙ্গে কড়া সতর্কবার্তাও দেওয়া চিঠিতে, যেহেতু প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে, তাই ফিফার ভাবমূর্তি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর কোনো আঘাত মেনে নেওয়া হবে না। সংস্থার নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।