Skip to main content

Brick Lane News

পর্নোগ্রাফি মামলায় বাবুগঞ্জের বিএনপি নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় বাবুগঞ্জের বিএনপি নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী-শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

গ্রেপ্তার আহমদ উল্লাহ (৩৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২) ও ৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।