Skip to main content

Brick Lane News

খান জাহান আলীর মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে শিশুকে নিয়ে গেল কুমির

খান জাহান আলীর মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে শিশুকে নিয়ে গেল কুমির

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে সাত বছর বয়সি এক শিশুকে নিয়ে গেছে কুমির।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ফাতেমা নামে ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় থাকা স্থানীয় লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।