Brick Lane News

সন্ত্রাসী হামলায় নাইজেরিয়ায় এক রাতে নিহত ৫০

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬ পিএম

নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি গ্রামে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হামলা শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত চলে। মোটরসাইকেলে করে আসা দেড় শতাধিক হামলাকারী একের পর এক গ্রামে তাণ্ডব চালায়। এতে বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, হামলাকারীরা গ্রাম ছাড়ার আগে কয়েকজন নারী ও বহু শিশুকে অপহরণ করে নিয়ে যায়। তারা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের জোর করে তুলে নিয়ে যায়।

বুক্কুয়ুম সাউথ এলাকার সংসদ সদস্য হামিসু এ. ফারু সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে হামলা চালায়। এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে ঠিক কতজন অপহৃত হয়েছেন, তা এখনও নির্ধারণ করা যায়নি; স্থানীয় প্রশাসন নিখোঁজদের তালিকা প্রস্তুত করছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার আগে সতর্ক সংকেত পাওয়া গিয়েছিল। আবদুল্লাহি সানি নামের এক বাসিন্দা জানান, হামলার একদিন আগে দেড় শতাধিক মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখতে পেয়ে তারা নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, হামলায় তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন এবং পুরো এলাকা শোকে স্তব্ধ।

নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র অপরাধী চক্র ও বিদ্রোহী গোষ্ঠীর সহিংসতা চলছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজার রাজ্যের বোর্গু এলাকায় অভিযানে অন্তত ৪৬ জন নিহত হন। কনকোসো গ্রামে এক হামলায় ৩৮ জন বাসিন্দাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবিরোধী অভিযান কার্যকর করতে নাইজেরিয়ার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে দুই শতাধিক সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি