Brick Lane News

পবিত্র শবেবরাত আগামীকাল

প্রকাশিত ২ ফেব্রুয়ারি ২০২৬ । ২:৩৩ পিএম

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে ‘শবেবরাত’ বা ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।

পবিত্র শবেবরাত উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শবেবরাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও নৈকট্য লাভের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

বাণীতে তিনি বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে আল্লাহর অসীম অনুগ্রহ ও ক্ষমা লাভের সুযোগ রয়েছে এই মহিমান্বিত রাতে।

শবেবরাত উপলক্ষে দেশের মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে শবেবরাতের কর্মসূচি শুরু হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। রাত ৮টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

ব্যক্তিগত ইবাদত ও জিকিরের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে শবেবরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও মাগফেরাত কামনায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতের মাধ্যমে রাত অতিবাহিত করবেন।

Related Posts

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি