Brick Lane News

নারীদের নিয়ে জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ুমিছিল

প্রকাশিত ১ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৪১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, নারীবিরোধী অবস্থান জামায়াতে ইসলামীর নতুন নয়; এটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক নীতি। তিনি বলেন, কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে এবং অবমাননাকর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তিনি নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ বলেন, কিছু রাজনৈতিক দল নারী অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে এসব দল দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, তাদের সাংগঠনিক কাঠামো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সময়ের সঙ্গে তারা আরও ফ্যাসিস্ট হয়ে উঠেছে।

কর্মসূচিতে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, জামায়াত বারবার মিথ্যা ও নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি দাবি করেন, শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। হ্যাক হলে পাসওয়ার্ড পরিবর্তন প্রথমেই হতো, কিন্তু সেটি তারাই বদলেছে বলে অভিযোগ করেন তিনি।

মাহতাব উদ্দিন আরও বলেন, নারীদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি জামায়াতের দীর্ঘদিনের নীতির অংশ এবং তৃণমূল পর্যায়েও তা সক্রিয়। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং জামায়াতের আমিরকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Related Posts

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি