Brick Lane News

১৭ মাসে রাজনৈতিক সহিংসতা ৬০০, বিএনপি জড়িত ৫৫০টিতে : টিআইবি

জুলাই আন্দোলনের পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৫০টি ঘটনায় বিএনপির সম্পৃক্ততা ছিল, যা মোট ঘটনার ৯১ দশমিক ৭ শতাংশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা গেছে, ৬০০টি সহিংস ঘটনার মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল ১২৪টিতে (২০ দশমিক ৭ শতাংশ), জামায়াতে ইসলামীর ৪৬টিতে (৭ দশমিক ৭ শতাংশ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭টিতে (১ দশমিক ২ শতাংশ) এবং জাতীয় পার্টির সম্পৃক্ততা ছিল ৫টিতে (শূন্য দশমিক ৮ শতাংশ)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা ছিল ১৩টি ঘটনায় (২ দশমিক ২ শতাংশ) এবং অন্যান্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে ৭টি ঘটনায় (১ দশমিক ২ শতাংশ)।

টিআইবি জানায়, একই ঘটনায় একাধিক রাজনৈতিক দল জড়িত থাকায় দলভিত্তিক হিসাব আলাদাভাবে গণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তঃকোন্দল ও সহিংসতা অব্যাহত ছিল। এসব ঘটনায় মোট ১৫৮ জন নিহত এবং ৭ হাজার ৮২ জন আহত হয়েছেন।

সহিংসতার কারণ বিশ্লেষণে টিআইবি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে এসব সংঘাত ছড়িয়ে পড়ে। পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেটে পাথর লুটপাট, পাশাপাশি সেতু, বাজার, ঘাট, বালুমহাল ও জলমহালের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল থাকা এবং কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সহিংসতা প্রকট আকার ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম, মো. জুলকারনাইন, রিসার্চ ফেলো ফারহানা রহমান, রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা কামাল ও মোহাইমেনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর