আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছে নাগরিক প্রতিনিধিদল। তারা দাবি করেছেন, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করে আতঙ্ক দূর করা জরুরি।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের নেতৃত্বে প্রতিনিধিদল চট্টগ্রামের রাউজান সুলতানপুর পৌরসভা এলাকায় হামলার ঘটনা পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংগঠনের নেতা প্রমুখ। এছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ আরতি শীল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, “নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব।”
নাগরিক উদ্যোগের প্রধান জাকির হোসেন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
প্রতিনিধিদল ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও সব নাগরিকের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।





