আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “শুনেছি একটি দল ৪০ লাখ বোরকা তৈরি করেছে। এর অর্থ হতে পারে পুরুষরা নারী সেজে বা নারীদের ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করবে। বোরকার প্রতি আমাদের সম্মান আছে, আমার মা নিজেও বোরকা পরতেন। কিন্তু বোরকা ব্যবহার করে যদি জাল ভোট দিতে আসে, তা আমরা মেনে নেব না।”
তিনি বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। “সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া হবে। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া হয়, তাহলে সন্দেহ তৈরি হবে যে ভেতরে অসৎ উদ্দেশ্য রয়েছে।”
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, “দেশ ও জাতি একটি অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কেউ বলতে পারে ভালো আছি, কেউ খারাপ। আমার দৃষ্টিতে, আগের সরকারের সময়ের মতো অবস্থা এখন নেই। পুলিশ আর আগের মতো উপদ্রব করে না এই এক দিক ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা ভালো নেই।”
তিনি আরও বলেন, “অনেকে বলেন ২০২৪ সালেই সব হয়ে গেছে। তাহলে প্রশ্ন গত ১৭ বছরে আমরা কী করেছি? এই সময়ে পাঁচ হাজার কর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, বছরের পর বছর জেল খেটেছি। আমরা লড়াই করে মানুষের পায়ের নিচের মাটি শক্ত করেছি।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “বয়স মানেই অচল হওয়া নয়। অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম এগোতে পারবে না এটাই বাস্তবতা।”





