Brick Lane News

জামায়াত নেতা হত্যা; বিএনপির প্রার্থীসহ ৪০ আসামির আগাম জামিন

প্রকাশিত ২ ফেব্রুয়ারি ২০২৬ । ৬:১৪ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে ছয় সপ্তাহের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রোববার মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

রেজাউল করিম হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ৩১ জানুয়ারি ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Related Posts

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি