কুমিল্লা-১১ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল হুদা অভিযোগ করেছেন, ‘জান্নাতের টিকিট’ নামে প্রতারণার বিষয়টি মানুষ বুঝে যাওয়ায় এখন সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা দিয়ে ডিজিটাল প্রতারণা ও অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, “জান্নাতের টিকিট বিক্রি হয় না। এখন মানুষের বিকাশ নম্বর ও এনআইডি নেওয়া হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে ছবি পরিবর্তনসহ বিভিন্ন ধরনের ডিজিটাল জালিয়াতির চেষ্টা হতে পারে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কার্ড চালু করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের দেশ পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।
নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো কর্মসূচি চালু করেছিলেন।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ এবং প্রবাসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গাজী কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।





