Brick Lane News

কো‌নো নির্বাচনই শা‌ন্তিপূর্ণভা‌বে করা যায়‌নি : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশে কখনোই কোনো নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। প্রতিটি নির্বাচনে কোনো না কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ছিল।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনেও এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মতে, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। তার ধারণা, এবার ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে।

নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিদেশিদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে শুরুতে নানা দ্বিধা ছিল। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি আগে থেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। পরে বিএনপির চেয়ারম্যানও একই অবস্থান জানান। তিনি বলেন, বড় দলগুলো যেহেতু ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, তাই এটি সহজেই পাশ করবে বলে তিনি মনে করেন।

এদিকে নির্বাচন শেষে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Related Posts

Social Media

সর্বশেষ খবর