হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা মেটা আদৌ পড়তে পারে কি না—এমন প্রশ্ন যখন আদালত পর্যন্ত গড়িয়েছে, ঠিক তখনই নিরাপত্তা জোরদারে নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, সাইবার আক্রমণ ও স্পাইওয়্যার থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
মামলা ও আস্থার সংকট
সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে একদল ব্যবহারকারী মেটার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত বার্তায় প্রবেশাধিকার রাখতে পারে। এ বিতর্কে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও যোগ দিয়ে হোয়াটসঅ্যাপকে ‘অনিরাপদ’ বলে মন্তব্য করেন।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির দাবি, তারা কোনোভাবেই ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা পড়তে পারে না। তবুও ব্যবহারকারীদের আস্থা ফেরাতে ও ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে।
কী সুবিধা দেবে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’
এই মোডটি মূলত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যেমন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
ফিচারটি চালু থাকলে—
-
অপরিচিত নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও ও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হবে
-
মেসেজে থাকা লিংকের প্রিভিউ দেখা যাবে না
-
অজানা নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হবে
এর ফলে ক্ষতিকর লিংক বা ম্যালওয়্যারের মাধ্যমে ডিভাইস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।
যেভাবে চালু করবেন
এই নিরাপত্তা সুবিধা চালু করতে হোয়াটসঅ্যাপের
Settings → Privacy → Advanced মেনুতে গিয়ে
‘Strict Account Settings’ অপশনটি সক্রিয় করতে হবে।
ব্যাকএন্ডে বড় পরিবর্তন
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাপটির নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে তারা ‘রাস্ট’ (Rust) প্রোগ্রামিং ভাষা ব্যবহার শুরু করেছে। এর ফলে ছবি, ভিডিও ও বার্তা স্পাইওয়্যার আক্রমণ থেকে আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
এই আপডেটের জন্য ব্যবহারকারীদের আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। পরিবর্তনটি স্বয়ংক্রিয়ভাবেই অ্যাপের নিরাপত্তা বাড়াবে।



