রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কের রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি এবং রংপুরের হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বড়দরগাঁ এলাকায় একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সেটি সড়কে দুর্ঘটনাকবলিত অবস্থায় পড়ে থাকে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।





