পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার পরপরই পুলিশ, সেনা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, নামাজ শেষের দিকেই বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তানি তালেবান বা ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের পাকিস্তান সফরের দ্বিতীয় দিনেই এ হামলার ঘটনা ঘটল, যা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এএফপি





