Brick Lane News

জামায়াত নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে: সালাহউদ্দিন

জামায়াত নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নতুন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ জামায়াতের আমির এখন নতুন করে আরেকজনকে ঘোষক হিসেবে তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করতে চাইছেন।”

শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটা ইতিহাসে প্রমাণিত। সেই কারণেই তারা আজ বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করে নতুন প্রজন্মকে ভুল পথে নিতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম বা জাতিগত বিভাজন থাকবে না।
“হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার পরিচয় হবে একটাই, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি কখনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না”।

জামায়াতের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “নির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার বদলে তারা ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে।”

শিক্ষানীতির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের কেবল পুথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

তিনি কক্সবাজারকে বিশ্বের অন্যতম সেরা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মাতারবাড়ি সমুদ্রবন্দরকে দেশের প্রধান অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলকে ‘পরীক্ষিত নেতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, কাজল নির্বাচিত হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
“১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে অংশ নিতে হবে”।

সভায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলসহ জেলা বিএনপির একাধিক নেতা। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর