নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ
রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং : উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে নবনির্মিত ব্রিজ উদ্ভোধন ফলক । বানিয়াচং উপজেলার ১২নং সুুজাতপুুর ই্উনিয়নের সুজাতপুর সড়কের সিংগাইর বিল এর উপর উদ্বোধনের মাত্র ২দিনের ব্যবধানে নামফলকটি তোলে ফেলায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এটিকে রাজনৈতিক প্রতিহিংসা এবং উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয়রা।
জানা যায়, গত সোমবার (১৩এপ্রিল) নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্র্রিজটির নামফলক উন্মোচন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। কিন্তু উদ্বোধনের দুইদিন পার হতে না হতেই কে বা কারা এই নামফলক এর প্লেইট উঠিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে একদল দৃর্বত্তরা পরিকল্পিতভাবে নামফলকটি নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নামফলক উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। তাদের দাবি, যারা উন্নয়নের সুফল সহ্য করতে পারছে না তারাই এই হীন কাজ করেছে। স্থানীয় এক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই নামফলকটি কেবল একটি পাথরের টুকরো নয়, এটি আমাদের উন্নয়নের প্রতীক। যারা এটি সরিয়েছে তারা মূলত এলাকার মানুষের আবেগে আঘাত হেনেছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করার দাবি জানাচ্ছি। সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, উদ্বোধনের সময় আমরা আনন্দিত ছিলাম যে এলাকার উন্নয়ন হচ্ছে। কিন্তু পরদিন সকালেই দেখি নামফলক নেই। এটি অত্যন্ত লজ্জাজনক কাজ। যারা সরকারি সম্পত্তির ক্ষতি করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ বা রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে নামফলক ভাঙচুর করা সুস্থ সংস্কৃতির পরিচায়ক নয়। এই ঘটনা কেবল বানিয়াচংয়ের রাজনীতিতে অস্থিরতা বাড়াবেনা শান্তি ও উন্নয়নের ধারাকে থামিয়ে দিবে।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসেন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী নামফলক এভাবে উধাও হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি এবং নতুন করে নামফলক স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সুজাতপুর সড়কের সিংগাইর বিলের উপর নির্মিত ব্রিজটি বিগত ২০২২ সালে জানুুয়ারী মাসে আওয়ামী লীগ সরকারের সময় নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বর মাসে এসে সমাপ্ত হয়। যার ব্যয় ধরা হয় ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯শ ৭৬ টাকা। কাজটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং।





