Skip to main content

Brick Lane News

যবিপ্রবিতে নানা আয়োজনে পালিত আন্তর্জাতিক অণুজীব দিবস

যবিপ্রবিতে নানা আয়োজনে পালিত আন্তর্জাতিক অণুজীব দিবস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড, ইনোভেশন শোকেস ও মাইক্রোবস ডিসকভারি কর্নারের মতো বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অণুজীব দিবস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

দিনটির তাৎপর্য তুলে ধরে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দিবসটি উদযাপন করে আসছে। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের তৈরি র‍্যালির প্ল্যাকার্ড ও ব্যানারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে জনসচেতনতামূলক বার্তাগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার বলেন, মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিহার্য। তিনি সুস্থতা বজায় রাখতে উপকারী অণুজীবের ভূমিকার পাশাপাশি ক্ষতিকর অণুজীবের বিরুদ্ধে আগাম সচেতনতা ও যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের নিরবচ্ছিন্ন উৎসাহ ও সহযোগিতার কথা উল্লেখ করে আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উৎসবের অংশ হিসেবে যশোরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। পাশাপাশি উদ্ভাবনী প্রদর্শনীতে প্রিবায়োটিক পাউরুটি, প্রোবায়োটিক খাবার, পোল্ট্রির জন্য প্রিবায়োটিক ফিড, পরিবেশবান্ধব কম্পোস্ট সার, বায়োকেমিক্যাল পরীক্ষা ও ফাঙ্গাসের জগতের ওপর নানা গবেষণা তুলে ধরা হয়। এছাড়া পেট্রি ডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটিয়ে তৈরি নান্দনিক ব্যাকটেরিয়াল আর্ট প্রদর্শনীতে আগতদের নজর কাড়ে।