Brick Lane News

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

হাম বা হামজাতীয় উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত হাম বা হামজাতীয় উপসর্গে ৩৫২ জনের মৃত্যু এবং ৫৪ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬১ জনের মৃত্যু পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজারের বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এরমধ্যেই চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ। সারা দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

এদিকে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এর পেছনে কোনো অবহেলা আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে এবং তদন্ত শেষ হলে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিশ্বব্যাপী হামের সংক্রমণ বাড়লেও বাংলাদেশে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকাদান ব্যবস্থায় ঘাটতি এবং ‘ইমিউনিটি গ্যাপ’ এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে।